
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় টুইটারে শেয়ার করা এক পোস্টে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে। এতে ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।
নিউজঃ সময় সংবাদ
