একদিন, দুইদিন নয়, পুরো তিনটিি বছর জাহাজে করে ঘুরে বেড়ানোর অভিনব এক আয়োজন নিয়ে এসেছে প্রমোদতরি পরিচালনাকারী প্রতিষ্ঠান লাইফ অ্যাট সি ক্রুজেস। তাদের এমভি জেমিনি নামের প্রমোদতরিতে এই ট্যুরের জন্য প্রত্যেককে প্রদান করতে হবে বছর প্রতি ৩০ হাজার মার্কিন ডলার করে। চারশত কেবিনে এক হাজারের বেশী অতিথিকে আতিথেয়তা দেয়ার সক্ষমতা নিয়ে ২০২৩ সালের ০১ নভেম্বর যাত্রা করবে এই ক্রুজ শীপটি। মূলত তাঁরা তিন বছরের জন্য ১ লাখ ৩০ হাজার মাইল দূরত্বের সমুদ্রযাত্রার আয়োজন করতে যাচ্ছে যার শুরু হবে তুরস্কের ইস্তাম্বুল থেকে। এক লাখ ত্রিশ হাজার মাইল দীর্ঘ এই যাত্রায় ক্রুজ শীপটি বিশ্বের সাতটি মহাদেশের ১৩৫টি দেশের ৩৭৫টি বন্দরে নোঙ্গর ফেলবে। এই যাত্রায় তাদের জাহাজের অতিথিরা ভারতের তাজমহল থেকে শুরু করে রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য, মেক্সিকোর চেচেন ইতজা, পিরামিড অব গিজা, মাচু পিচু, চীনের প্রাচীর যেমন দেখার সুযোগ পাবেন, তেমনি ভ্রমণের সুযোগ থাকছে ১০৩টি দ্বীপে! এই জাহাজে আবাসনের পাশাপাশি থাকবে রেস্তোরাঁ, মিটিং ফ্যাসিলিটিস, লাইব্রেরি, লাউঞ্জ, কফি কর্নার, হাসপাতাল সহ নানান রকম সুবিধা যার সবগুলোই বছরে ৩০ হাজার মার্কিন ডলার বাৎসরিক ফি এর আওতায় থাকবে।
তথ্যসূত্রঃ CNN News

