ঢাকা মেট্রোরেলের চলাচল সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে আগামী রোববার থেকে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল সকালে আধাঘণ্টা আগে চলাচল শুরু করবে এবং রাতে আধাঘণ্টা বেশি সময় চলবে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলাচল সময় ও ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গত মাসেই নেওয়া হয়। এর অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। পরবর্তী সমন্বয় শেষে মঙ্গলবারের বৈঠকে সময় বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এ ছাড়া আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ট্রিপ বাড়ানো হলে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্রের মতে, ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ কার্যকর করা হতে পারে। এতে রাজধানীবাসীর যাতায়াতে স্বস্তি ও সময় সাশ্রয় দুই-ই বাড়বে বলে আশা করা হচ্ছে।

