সৌদি আরব হজ্জের জন্য ভিসা ইস্যুতে নতুন সীমাবদ্ধতা ঘোষণা করেছে। হজ্জ ভিসা নিয়ে সৌদি আরবে আগত ভ্রমণকারীরা এই ভিসা দিয়ে শুধুমাত্র জেদ্দা, মদিনা এবং মক্কা ভ্রমণের সুযোগ পাবে। সৌদি আরবের হজ্জ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে যে তীর্থযাত্রীদের কেবলমাত্র ২০২৪ সালে পবিত্র হজ্জের প্রয়োজনীয়তাগুলি সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হবে যদি তাদের কাছে বৈধ হজ ভিসা থাকে, গালফ নিউজে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে। খবর মতে, হজ্জ ভিসাটি শুধুমাত্র মক্কা, মদিনা এবং জেদ্দা শহরের মধ্যে ভ্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে। তিনটি নির্দিষ্ট শহরের বাইরে এই ভিসা গ্রহণ করা হবে না। এই ভিসা দেশে কর্মসংস্থান বা আবাসিকভাবে বসবাসের জন্য বৈধ নয়। কোন হজ্জ ভিসায় ভ্রমণকারী এই নিয়ম ভঙ্গ করলে, সেই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে তাকে আর হজ্জ ভিসা প্রদান বা হজ্জে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

