|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
শুক্রবার কক্সবাজারের উন্মুক্ত সৈকতে শুরু হচ্ছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’র ষষ্ঠ আসর
আগামীকাল ৩ মার্চ, শুক্রবার কক্সবাজারের লাবনী পয়েন্টে উন্মুক্ত সমুদ্র সৈকতে উদ্বোধন হতে যাচ্ছে তিন দিনব্যাপি চলচ্চিত্র উৎসব ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’র ষষ্ঠ আসর। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এই উৎসবে এবার অংশ নিচ্ছে ৩২টি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র। ‘লেটস্ সিনেমা!’ শীর্ষক এবারের এই উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবসার, কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ। এছাড়াও উৎসবটির বিভিন্ন বিভাগে উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, নাসিরউদ্দীন ইউসুফ, নির্মাতা মোরশেদুল ইসলাম, প্রসূন রহমান, প্রযোজক ও নির্মাতা রেদোয়ান রনি, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্মাতা আবু শাহেদ ইমন, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, নাসির উদ্দীন খান, মোস্তাফিজুর নূর ইমরান, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমিসহ আরও অনেকে।এই উৎসবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র’ নামে একটি বিভাগ থাকছে যেখানে প্রদর্শিত হবে দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত কয়েকটি সিনেমা, যার মধ্যে রয়েছেঃ ‘রেহানা মরিয়ম নূর’, ‘মায়ার জঞ্জাল’, ‘মশারি’, ‘ট্রানজিট’ ও ‘দামাল’। এগুলো প্রদর্শিত হবে কক্সবাজারের বিখ্যাত , উন্মুক্ত সৈকতে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সিনেমাগুলোর নির্মাতা-শিল্পীরা। অত্যাধুনিক এলইডি স্ক্রিন এবং আধুনিক সাউন্ড সিস্টেমে চারিদিক ঘেরা এই প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আরম্ভ হবে যেখানে ৫০০ দর্শকের আসন ব্যবস্থা করা হবে। উৎসবটির আনুষ্ঠানিক ভেন্যু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান মিলনায়তন, যেখানে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ। ৫ মার্চ ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’র সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত এইচ ই শিলা পিল্লাই।
নবীনতর পূর্বতন