গত ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন তলাবিশিষ্ট তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৩-এর অক্টোবরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করা হতে পারে। নির্মিতব্য এই নতুন টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা, যেগুলোর মধ্যে অন্যতমঃ
- থাকছে যাত্রীদের বোর্ডিং এর জন্য ২৪টি বোর্ডিং ব্রিজ।
- বহির্গমনের জন্য থাকছে ১১৫টি চেক-ইন কাউন্টার যার মধ্যে ১৫টি হবে সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার।
- ডিপারচার ইমিগ্রেশনে কাউন্টার থাকবে মোট ৬৬টি যার মধ্যে ১০টি হবে স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার।
- এরাইভাল ইমিগ্রেশন কাউন্টার থাকবে মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেক-ইন অ্যারাইভাল কাউন্টার থাকবে যেগুলোর মধ্যে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টার হবে।
- টার্মিনালে এরাইভাল ব্যাগেজ বেল্ট থাকছে মোট ১৬টি। এছাড়া অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি পৃথক বেল্ট।
- এই নতুন টার্মিনালের সাথে নির্মাণ করা হচ্ছে মাল্টিলেভেল কার পার্কিং ভবন যেখানে এক হাজারের বেশী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
- নতুন টার্মিনাল ভবনের সাথে সংযুক্ত থাকবে ভূ-গর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু পথ যার মাধ্যমে মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে সরাসরি বিমানবন্দর।
