ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) পাশেই ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু করল দেশটির হাই কমিশন, যেখান থেকে অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণের কাজ সারা যাবে।
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা এ কেন্দ্র উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকে এ ধরনের কেন্দ্র স্থাপনের অনুরোধ পাওয়ার কথা জানিয়ে হাই কমিশন জানিয়েছে, “যেখানে কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই- এমন আবেদনকারীরা তাদের পাসপোর্ট ও নথিপত্র নিয়ে ভিএএফসি-তে আসতে পারেন এবং অনলাইন ভিসার সুবিধা গ্রহণপূর্বক আবেদনপত্র পূরণ করে সেটা প্রিন্ট করাতে পারেন।
“এখন পর্যন্ত, যে সকল সাধারণ জনগণ নিজে নিজে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে পারেন না, তারা এজেন্টের দ্বারস্থ হয়ে অনেক খরচ করে ভিসা আবেদনপত্র প্রস্তুত করতেন। ভিএএফসি-তে ফর্ম পূরণ করার সুবিধা আবেদন প্রতি নামমাত্র ২০০ টাকা পরিষেবা ফি নিয়ে প্রদান করা হবে। এটি হবে আইভ্যাক প্রদত্ত একটি ঐচ্ছিক মূল্য সংযোজিত পরিষেবা।”
তথ্যসূত্র: বিডিনিউজ২৪

